গাজায় তিন দিনে ৮ হাসপাতালে ইসরাইলের হামলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত তিন দিনে ৮টি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এছাড়াও গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৮টি হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, ইসরাইলের বোমা হামলায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়াও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল নাসের হাসপাতালের রেডিওলোজি বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বিমান হামলাসহ জ্বালানি ও ওষুধ সংকটে গাজার ৩৬টির মধ্যে ১৬টি হাসপাতাল ও ৭২টি ক্লিনিকের মধ্যে ৫১টি বন্ধ হয়ে গেছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। এই হামলা থেকে উপত্যকাটির হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি কিছুই রক্ষা পাচ্ছে না।
এছাড়াও গত মাসে গাজার আল আহলি হাসপাতালে ব্যাপক হামলায় ৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। যদিও ওই হামলার দায় স্বীকার করেনি ইসরাইল।
অবরুদ্ধ গাজায় এখন পর্যন্ত ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৪ হাজারের বেশি শিশু। এছাড়া আহত হয়েছেন ২৭ হাজার। নিখোঁজ রয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ।