আল্লাহর নামে চলছে বিএনপির কর্মসূচি: পাপন
সারা দেশে তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি দিয়ে মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। আল্লাহর নামে চলছে তাদের কর্মসূচি বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব দুর্জয় মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করতেই জামায়াত-বিএনপি লাগাতার অবরোধ কর্মসূচি দিচ্ছে। তৃতীয় দফা অবরোধ কর্মসূচি দিয়েও মাঠে নেই বিএনপি। এই কর্মসূচিতে তাদের উদ্দেশ্য হাসিল হবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ভয় পান না। বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার জবাব দেয়া হবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখনই নির্বাচনের প্রস্তুতি নেন। কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হবে। নৌকাকে বিজয়ী করতে মাঠে নেমে কাজ করুণ।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব মোল্লা শাখাওয়াত হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর প্রমুখ।
শান্তি সমাবেশে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।