ডেডলাইন পেরিয়ে গেলেও অনুশীলনে দেখা যায়নি লিটনকে
ইনজুরিতে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের সঙ্গে দেশে ফিরে এসেছিলেন লিটন দাসও। পারিবারিক কারণে এর আগেও এক দফা দেশে ফিরেছিলেন লিটন। তাই এ দফায় তার দেশে ফেরার বিষয়টি ভালোভবে নেয়নি বিসিবি। কথা ছিল দ্রুত ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার।
মঙ্গলবার (৭ নভেম্বর) দেশে এসেছিলেন লিটন। জানা গেছে, লিটনের স্ত্রী দেবশ্রী সঞ্চিতা সন্তানসম্ভবা। যার কারণেই দেশে আবারও এসেছিলেন লিটন। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভারত পৌঁছে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার।
কিন্তু আজ পুনেতে দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি লিটনকে। দল মাঠে অনুশীলন করতে এলেও, সেখানে লিটন ছিলেন না।
বিশ্বকাপ চলাকালীন দ্বিতীয় দফায় দেশে এসেছিলেন লিটন। এক সূত্র জানিয়েছে, কোচের কাছে ছুটির আবেদন করা হাথুরু বিসিবির অনুমতি নিতে বলেন। পড়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ঢাকায় কথা বলে লিটনের ছুটি মঞ্জুর করেন।
বিশ্বকাপের মাঝে বারবার দেশে আসাটা ভালো চোখে দেখছে না বিসিবি। তাই লিটনকে জোর গলায় বলে দিয়েছিল, আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করতে।
আর যদি লিটন ডেডলাইনের মধ্যে দলের সঙ্গে যোগ না দেন, তাহলে তার উপর কঠোরও হতে পারে বিসিবি। কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও লিটনকে অনুশীলনে দেখা যায়নি।
আগামী শনিবার (১১ নভেম্বর) পুনের এমসিএ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে এটিই টাইগারদের শেষ ম্যাচ। এই ম্যাচে জয় পেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হবে টাইগারদের।